আদালতের পর্যবেক্ষণ প্রাসঙ্গিক নয়: সুরঞ্জিত

নির্বাচন ব্যবস্থা নিয়ে আদালতের পর্যালোচনা ‘প্রাসঙ্গিক’ নয় বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচন ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণে বিষয়ে বলেন, ‘সরকারের কাজ সরকার করবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাজ হাইকোর্ট করবে। তাদের কাজ হচ্ছে, যদি কোনো আইন আমরা পাস করি, তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না তা নিয়ে কাজ করবে। তাই দুঃখের সঙ্গেই বলতে হয় এটি প্রাসঙ্গিক না।’ তিনি বলেন, ‘বিগত ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধ বলে দেওয়া এক রায়ে হাই কোর্ট নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। কিন্তু হাইকোর্ট তো উপন্যাস লেখার জায়গা না, গল্প লেখারও জায়গা না। আপনারা ল পয়েন্ট নির্ধারণ করবেন—এটা বৈধ না অবৈধ, সাংবিধানিক না অসাংবিধানিক, গণতান্ত্রিক না অগণতান্ত্রিক।’ হাইকোর্টের ওই পর্যবেক্ষণকে ‘ধান ভানতে শিবের গীত’ বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ সাংসদ।
আগামী নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অধীনে একটি অন্তর্বর্তী সরকারের নতুন রূপরেখা দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। দশম সংসদে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের বৈধতার বিষয়ে এক মামলায় আদালত একটি পর্যবেক্ষণে এই রূপরেখা দেন। এতে নির্বাচনকালে প্রধানমন্ত্রীসহ যেকোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার পক্ষেও যুক্তি দিয়েছেন আদালত।
২০১৩ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি পৃথক রিট হয়েছিল। ২০১৪ সালের ১৯ জুন ওই দুটি রিট খারিজ করে দেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। সম্প্রতি ওই রিটের পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে। সেখানে নির্বাচন ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের এমন পর্যবেক্ষণ পাওয়া গেল।
আলোচনা সভায় উদ্বিগ্ন নাগরিক সমাজের সংবিধান কমিশন গঠন প্রস্তাবের কঠোর সমালোচনা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত।
সুরঞ্জিত উদ্বিগ্ন নাগরিক সমাজের উদ্দেশে বলেন, ‘আপনারা এত দিন কোথায় ছিলেন? ৩৫ বছর এ দেশে সামরিক সংবিধান চলেছে, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে আর আমরা পঞ্চদশ সংশোধনী না আনা পর্যন্ত যে সংবিধান ছিল, এটাতো সামরিক সংবিধান ছিল। বেআইনি সংবিধান ছিল। কই শুনি নাই তো আপনাদের একটা কথা বলতে। আর এখন যা সংবিধান আছে তা হলো ৭২-এর সংবিধান। গণপরিষদ যেটা পাস করেছিল ওইটা আমরা ফেরত নিয়ে এসেছি।’
বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।