আদালতের প্রতি খালেদার আইনজীবীদের অনাস্থা
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার পর তাঁর আইনজীবীরা এ অনাস্থা জানান। দুপুরের বিরতির পর আদালতে এ বিষয়ে শুনানি চলছে।
দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ বেলা ১১টা ২৫ মিনিটে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হওয়ার কথা ছিল। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিনও ধার্য ছিল।
এর আগে গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই আবেদন নিষ্পত্তির আবেদনও করেছিলেন তাঁরা। ওই দিন আদালত ওই আবেদনের ওপর আজ বিস্তারিত শুনানির দিন ধার্য করেন। আজ আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার পর শুরুতে ওই আবেদন নিষ্পত্তির ওপর শুনানি চান তাঁর আইনজীবীরা। তবে আদালত আগে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আবেদন নিষ্পত্তির শুনানি হবে বলে জানান। ওই সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন।
আরও পড়ুন:
আদালতে খালেদা জিয়া