রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সহসভাপতি মোসাদ্দেক হোসেনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সেখানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ। এতে বলা হয়, মোসাদ্দেক হোসেন রাজশাহীবাসীর অত্যন্ত জনপ্রিয় মেয়র। ২০১৩ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। তাঁকে বরখাস্ত করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা সাধারণ সম্পাদক কামরুল মনির, সাবেক সাংসদ জাহান পান্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলনের মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাসহ পাঁচটি মামলার অভিযোগপত্রে মোসাদ্দেক হোসেনের নাম রয়েছে। অভিযোগপত্রগুলো আদালতে গৃহীত হওয়ায় গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে তিনি আত্মগোপনে আছেন।