জলাবদ্ধতামুক্ত আধুনিক নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। একই সঙ্গে পুরো নগরকে ওয়াইফাই সুবিধার আওতায় আনতে চান। গতকাল সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বেলা ১১টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হতে দেরি হওয়ায় এক ঘণ্টা দেরিতে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে আট পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আ জ ম নাছির বলেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিশ্বের সর্বাধুনিক মেগাসিটি। তবে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সঠিক পথে এগোনো যায়নি। পরিকল্পিত নগরায়ণের যে ধারণা, তার প্রতিফলন এখনো এই চট্টগ্রাম নগরে ঘটেনি।
জলাবদ্ধতা নিরসন করার প্রতিশ্রুতি দিয়ে নাছির বলেন, নগরের খালগুলো পরিকল্পিতভাবে খনন করা হবে। বহদ্দারহাট থেকে চাক্তাই পর্যন্ত নতুন খাল খনন এবং বিভিন্ন খালের মুখে স্লুইচগেট লাগানো হবে। নালা-নর্দমা পুনরুদ্ধার, সংস্কার ও সম্প্রসারণ করে পানি নিষ্কাশন নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় যানজট নিরসনে সড়ক প্রশস্ত করা, মিয়াখান নগর থেকে কালামিয়া পর্যন্ত সড়ক সম্প্রসারণ, ঘনবসতিপূর্ণ এলাকায় এক্সেস সড়ক নির্মাণ, উদ্ধার হওয়া খাল-নালার পাশে সড়ক নির্মাণ ও গণপরিবহন চালু, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করারও প্রতিশ্রুতি দেন নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে নাছির বলেন, সব চেষ্টা ব্যর্থ হবে, যদি মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ে তোলা সম্ভব না হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক আবহ তৈরি করা এবং নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সুফল দিতে পুরো নগরকে ওয়াইফাই-সুবিধার আওতায় আনার কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যের পর মহিউদ্দিন চৌধুরী দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, গত নির্বাচনে বিভেদের কারণে দলের প্রার্থী হেরে যায়। এবারও সেই বিভেদ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই। তবে প্রার্থী ঘোষণার পর কিছু ক্ষোভ থাকবে। এসব নিরসন করেই এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, আফছারুল আমীন, ইব্রাহিম হোসেন চৌধুরী, নঈমউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর এলাকা থেকে নির্বাচিত আওয়ামী লীগের দুই সাংসদ এম এ লতিফ ও দিদারুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন। তবে নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসিকে দেখা যায়নি।
মনোনয়নপত্র সংগ্রহ: আ জ ম নাছির উদ্দিন গতকাল বেলা দুইটায় লাভলেন এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। মনোনয়ন সংগ্রহ করে উপস্থিত সাংবাদিকদের আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘যদি জয়লাভ করি সবাইকে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাব।’