আনিসকে দায়িত্ব দিতে বাধ্য হন এরশাদ: কাদের
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও দলের মুখপাত্র জি এম কাদের বলেছেন, এক-এগারোর সরকারের সময় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে বাধ্য হয়েছিলেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এ কথা বলেন। তিনি বলেন, এক-এগারোর সরকারের সময় তাঁকে (জি এম কাদের) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চেয়েছিলেন এরশাদ। কিন্তু সরকারের চাপে তা করা যায়নি।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় জি এম কাদের এই বিবৃতি দেন। তিনি বলেন, আনিসুল ইসলাম মাহমুদ তাঁর সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে তিনি দলেরÿক্ষমতা গ্রহণ না করলে এরশাদকে জেলে যেতে হতো। এরশাদ রাজনীতি থেকে ‘মাইনাস’ হতেন। এ কথা প্রকারান্তরে জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের সঙ্গেই সংগতিপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া তথ্যে জানা যায়, ওই সময় তিনি যখন অনুভব করতে পেরেছিলেন যে পার্টির প্রধান হিসেবে তাঁর সরে আসা ছাড়া গত্যন্তর নেই। তখন তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে এক-এগারোর সরকারের চাপে সেটি তিনি বাস্তবায়ন করতে সক্ষম হননি। বরং ব্যারিস্টার আনিসকে (আনিসুল ইসলাম মাহমুদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে বাধ্য হয়েছিলেন।’