আনিসকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছিলেন এরশাদ: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১/১১-এর সরকারের সময় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁকে (জিএম কাদের) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চেয়েছিলেন। কিন্তু সরকারের চাপে তা করা যায়নি। আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এরশাদ বাধ্য হয়েছিলেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এ কথা বলেন। এরশাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয় এই বিবৃতিতে। তাতে বলা হয়, আনিসুল ইসলাম মাহমুদ সাহেব তাঁর সংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করেছেন যে, তিনি দলেরÿক্ষমতা গ্রহণ না করলে এরশাদকে জেলে যেতে হতো, তিনি রাজনীতি থেকে মাইনাস হতেন। এরশাদ জাপার চেয়ারম্যান থাকলে তাঁকে জেলে যেতে হতো আর তিনি পার্টি প্রধানের দায়িত্ব আনিসুল ইসলাম মাহমুদের হাতে দিলে তিনি মুক্ত থাকতেন—এ কথা প্রকারান্তরে পার্টির চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের সঙ্গেই সংগতিপূর্ণ বলা যায়।
বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া তথ্যে জানা যায়, তৎকালীন সময় তিনি যখন অনুভব করতে পেরেছিলেন যে, পার্টির প্রধান হিসেবে তাঁর সরে আসা ছাড়া গত্যন্তর নেই, তখন তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ১/১১ সরকারের চাপে সেটি তিনি বাস্তবায়ন করতে সক্ষম হননি। বরং ব্যারিস্টার আনিসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে বাধ্য হয়েছিলেন।’
বিবৃতিতে দাবি করা হয়, জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করা হয়েছে তাঁর যোগ্যতা, পার্টির প্রতি আনুগত্য, ত্যাগ এসব গুণ বিবেচনা করে। যা পরে প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
সম্প্রতি জামালপুর ও শেরপুরে দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে পৃথক অনুষ্ঠানে এরশাদ বলেন, ১/১১-এর ভূমিকার জন্য আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত। ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে মিলে তাঁকে (এরশাদ) সরিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন আনিসুল।
এর জবাবে ১ মার্চ সংবাদ সম্মেলন করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ১/১১-এর সময় এরশাদ জেলের হাত থেকে বাঁচতে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। এরশাদের সঙ্গে আলোচনা করে দলীয় সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।