আনিসুল হক উত্তরে আ.লীগের একক প্রার্থী, দক্ষিণে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ কামাল আহমেদ মজুমদার মেয়র পদে নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক আওয়ামী লীগের একক প্রার্থী হলেন। আর ঢাকা দক্ষিণে এখনো আওয়ামী লীগের একক প্রার্থীর বিষয়টি ঝুলে আছে। সাঈদ খোকন ও হাজী মো. সেলিম দুজনই দলীয় সমর্থন লাভের ব্যাপারে আশাবাদী।
এদিকে তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে মোট ১৩ জন এবং কাউন্সিলর পদে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কামাল আহমেদ মজুমদার গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি প্রার্থী হবেন না, আনিসুল হককে সমর্থন করবেন। সাঈদ খোকন প্রথম আলোর কাছে দাবি করেছেন, তিনি ঋণখেলাপি নন। প্রার্থী হতে তাঁর আইনগত বাধা নেই। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম প্রথম আলোকে বলেন, তিনি সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র পদে লড়বেন।
১১ জনের মনোনয়নপত্র সংগ্রহ: গতকাল রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে এ পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৩ জন। এ ছাড়া শতাধিক কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন আহমেদ এবং জাপা চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা থেকে বহিষ্কৃত হাজ্জাজ বিন মুসা ববি (ববি হাজ্জাজ), যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল কাফি ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ গতকাল ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, শামসুল আলম চৌধুরী, আনিসুজ্জামান খোকন ও জামান ভূঁইয়া মনোনয়নপত্র কিনেছেন।
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ জাতীয় পার্টির সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।
ববি হাজ্জাজ বহিষ্কৃত: জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ববি হাজ্জাজকে জাপার চেয়ারম্যান শুধু বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এ দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়ায় দলের সঙ্গে তাঁর আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না বলে পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্দেশ দিয়েছেন।
ঢাকার উত্তরে জাপার মেয়র প্রার্থী হিসেবে বাহাউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছিল। এরশাদের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজ নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
প্রার্থী গুমের আশঙ্কা বিএনএফএর: মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টও (বিএনএফ)। গুম হওয়ার আশঙ্কায় দুই সিটি করপোরেশনে দুজন করে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি আবুল কালাম আজাদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এঁরা হলেন উত্তরে বিএনএফ শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আতিকুর রহমান নাজিম ও ফ্রন্টের নেতা এওয়াইএম কামরুল ইসলাম। আর দক্ষিণে ফ্রন্টের দপ্তরে নিয়োজিত শফিউল্লা চৌধুরী ও মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাসিরা খাতুন।
দুজন করে প্রার্থীর নাম ঘোষণা কেন, জানতে চাইলে বিএনএফের সভাপতি সাংবাদিকদের বলেন, ‘দেশে বর্তমানে অপহরণ-গুম ও খুনের প্রচলন শুরু হয়েছে। তাই আমরা সিটি নির্বাচনে দুজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছি। একজন গুম হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশ নেবেন।’