আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: কাদের

ঢাকা শহরকে আধুনিক এবং গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে আজ শনিবার দুপুরে দেশে আসার পর তাঁর বনানীর ২৩ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। খবর বাসস।
ওবায়দুল কাদের বলেন, ‘আনিসুল হকের মতো আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তারপরও এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাঁর স্বপ্ন যেন সত্যি হয়, এ নগরীকে আধুনিক নগরীতে রূপ দিতে গ্রিন অ্যান্ড ক্লিন সিটির স্বপ্নকে বৃথা যেতে দেব না।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘তাঁর দুচোখ ভরা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার। দেশের অনেক বড় ক্ষতি হলো। ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আনিসুল হক সবাইকে কান্নার নদীতে ভাসিয়ে চলে গেলেন। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এমন কর্মোদ্যমী, এমন পরিশ্রমী বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ আমি জীবনে কমই দেখেছি।’ তিনি বলেন, ‘মানুষকে তিনি ভালোবাসতেন। মানুষও তাঁকে যে ভালোবাসে, তার প্রমাণ এই যে তাঁর বাসার সামনে সর্বস্তরের মানুষের উপস্থিতি। একজন মানুষ কত জনপ্রিয় হলে মানুষের ভিড় এমনভাবে উপচে পড়ে, আজকে আমরা তা দেখলাম।’
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার মেয়রের পরিবারের একজন সদস্য বলেন, রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে আবার আইসিইউতে নেওয়া হয়। এরপর তাঁর ফুসফুসও আক্রান্ত হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান মেয়র আনিসুল হক।
আজ শনিবার বেলা একটায় আনিসুল হকের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি (বিজি ০০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাঁর মরদেহ বাসায় নেওয়া হয়। বিকেলে ডিএনসিসি মেয়র আনিসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে আর্মি স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পুরো স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
প্রয়াত এই মেয়রের কুলখানি ৬ ডিসেম্বর বুধবার। সেদিন গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।