ঢাকা উত্তর সিটির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ব্যয় করেছেন প্রায় ৪৯ লাখ টাকা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ব্যয় করেছেন ৪৫ লাখ টাকা।
অপরদিকে দক্ষিণ সিটিতে সরকারি দল-সমর্থিত সাঈদ খোকন ব্যয় করেছেন ২৮ লাখ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ব্যয় দেখিয়েছেন ১৯ লাখ টাকা।
ভোটার সংখ্যার অনুপাতে উত্তর সিটির মেয়র পদে প্রার্থীর নির্বাচনী ও ব্যক্তিগত ব্যয়ের সর্বোচ্চ সীমা ৫০ লাখ এবং দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ৩০ লাখ টাকা।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল বিজয়ী প্রার্থীদের নামে গেজেটে প্রকাশ করা হয়। আইন অনুযায়ী প্রার্থীদের নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচন ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়।
উত্তর সিটির নির্বাচিত মেয়র আনিসুল হক ১০২টি ভাউচারের মাধ্যমে ৩৭ লাখ ২৯ হাজার ৬২৫ টাকা এবং চারটি চেকের মাধ্যমে ১১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করেছেন বলে উল্লেখ করেছেন। আনিসুল হকের ব্যক্তিগত খরচ হয়েছে ৫০ হাজার টাকা।
খাতওয়ারি হিসাবে দেখা গেছে, আনিসুল হকের ভোটার তালিকার সিডি কেনা ও ফটোকপিতে ৭৮ হাজার টাকা এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ৭ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছেন। বাকি ব্যয় তিনি দেখিয়েছেন ক্যাম্প স্থাপন, আপ্যায়ন, কর্মী ভাতা, ঘরোয়া বৈঠক, মাইকিং, প্রতীক, হ্যান্ডবিল, স্টিকার, পথসভা, পোস্টার ও লিফলেট বাবদ। তিনি প্রতিদিন ৫০০ টাকা করে মোট ১৩ দিন কর্মীদের ভাতা দিয়েছেন। তিনি ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৫ জন করে কর্মী দেখিয়ে এ খাতে আট লাখ টাকা ব্যয় দেখিয়েছেন।
অপরদিকে তাবিথ আউয়ালের নির্বাচনী ব্যয় ৪৩ লাখ ৬০ হাজার ২৭৩ টাকা এবং ব্যক্তিগত ব্যয় ১ লাখ ৮৫ হাজার ৬৭০ টাকা। তিনি কর্মীদের জন্য প্রতিদিন জনপ্রতি ৭৫ টাকা করে ১৫ দিনে ৪ লাখ ৫ হাজার টাকা ব্যয় দেখিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে তার কর্মী ছিল ১০ জন করে।