আনোয়ারায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের আনোয়ারায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সালাম (৫৩)। পুলিশ সূত্র বলছে, জাহাজে পণ্য সরবরাহের পর লাভের ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ সংঘর্ষ হয়। গতকাল রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খোর্দ গহিরা গ্রামের শেখ আহমদ (৫১) ও মোহাম্মদ ছবুরের (৩৮) সঙ্গে জাহাজে তরকারি ও বিভিন্ন মালামাল সরবরাহ করতেন মো. রাশেদ (৩৪)। লাভের ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত শনিবার বিকেল থেকে তাঁরা তর্কে জড়ান। পরে রাত ১০টার সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পান রাশেদের চাচা মোহাম্মদ সালাম (৫৩)। তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আরও আহত হন মো. রাশেদ (৩২) ও মো. রফিক (৫১)।
নিহত সালামের ছেলে মো. রুবেল বলেন, আমার বাবা ঘর থেকে দোকানে যাওয়ার পথে হামলায় আহত হন। রাতে হাসপাতালে তিনি মারা যান।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মাইনুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।