স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাকেও দলের টিকিট না দেওয়া হয়, তবু আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে আনোয়ারুল আবেদিন খানকে (তুহিন) দলীয় মনোনয়ন দেওয়ার কথা বলব। কারণ, এখানে তাঁর বিকল্প নেই।’ গতকাল রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, ময়মনসিংহ-২ আসনের সাংসদ মো. শরীফ আহমেদ, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
জনসভার আগে বিকেল সাড়ে চারটার দিকে মঞ্চের কাছে একটি দেয়ালে স্থাপন করা তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রস্তাবিত প্রকল্পের ভিত্তিফলক স্থাপন করেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঞ্চে ওঠার পর ইউপি চেয়ারম্যান ও মেয়রের পক্ষ থেকে মন্ত্রীকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৫৩৬ মার্কিন ডলার। টানা দুবার ক্ষমতায় থাকার পর মানুষের মাথাপিছু গড় আয় ১ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের এমন উন্নয়ন সম্ভব হচ্ছে।
উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির দিকে মুখ তুলে তাকাবেন না। তারা কেবল ধ্বংসের রাজনীতি লালন করেন।’ এ সময় তিনি নান্দাইল পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। এ ছাড়া আগামী নির্বাচনের আগে নান্দাইলের জন্য ৪০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। সভা শেষে বিকেল সোয়া পাঁচটায় মন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন।