আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরে দলের আন্দোলন কর্মসূচিতে ‘ইমানি দায়িত্ব’ নিয়ে ঝাঁপিয়ে পড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর কমিটি।
গতকাল বুধবার দুপুরে কমিটির প্রথম বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস এ কথা জানান। নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এ বৈঠক হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপিতে কোনো ‘গ্রুপিং’ নেই। গ্রুপ একটাই—সেটা খালেদা জিয়ার গ্রুপ। তিনি বা সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা কেউ কোনো গ্রুপ তৈরি করেননি।
নতুন কমিটিতে হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করায় মির্জা আব্বাস অসন্তুষ্ট বলে গণমাধ্যমে খবর হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করলে মির্জা আব্বাস জবাব দেওয়ার জন্য সোহেলকে অনুরোধ করেন। এরপর সোহেল বলেন, ‘মির্জা আব্বাস আমার বড় ভাই, আমি তাঁর ছোট ভাই। আমরা ভাই ভাই।’
মির্জা আব্বাস বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে জেলায় জেলায় যে আন্দোলন হয়েছে, তা বিরল। কিন্তু রাজধানীতে সে রকম সূচনা হয়নি। এতে নেতা-কর্মীরা ঢাকা মহানগরের নেতৃত্ব ঢেলে সাজানোর দাবি করতে থাকেন। ‘আওয়ামী দুঃশাসনের’ বিরুদ্ধে সাংগঠনিক শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশায় ঢাকা মহানগরের সব ওয়ার্ড, থানাকে সুসংহত করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনায় ঈদ-পরবর্তী আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মহানগর বিএনপির সব থানা ও ওয়ার্ডকে পর্যায়ক্রমে পুনর্গঠন এবং আন্দোলনের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিগত সময়ে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা, কারাবন্দীদের মুক্তি, খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-কর্মীর নামে করা মামলা প্রত্যাহার এবং র্যাব বিলুপ্তির দাবি জানানো হয়। এর বাইরে বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানে হামলা ও প্রাণহানির ঘটনায় শোক জানানো হয়।
বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ, নাসির উদ্দিন অসীম, মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ৫২ সদস্যবিশিষ্ট এ কমিটির চার উপদেষ্টার কেউই উপস্থিত ছিলেন না। অবশ্য এঁদের মধ্যে দুজন সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম বিদেশে আছেন।