আন্দোলনে দলের কেউ বিশ্বাসঘাতকতা করলে জনগণ বিচার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল বা জোটের কেউ সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণই বিশ্বাসঘাতকদের বিচার করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুস সালাম তালুকদারের স্মরণে আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু কাউকে তারা দল থেকে বের করে নিতে পারবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা ‘সর্বৈব মিথ্যা’। ৫ জানুয়ারির নির্বাচনের পর সৈয়দ আশরাফের সঙ্গে তাঁর কোনো ধরনের আলোচনা হয়নি। এর আগে মাত্র তিনবার তাঁর সঙ্গে সৈয়দ আশরাফের কথা হয়েছে। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন সজ্জন মানুষ, ধারণা ছিল তিনি মিথ্যা বলেন না। কিন্তু তিনি সম্প্রতি যে কমেন্টস করেছেন, তা সর্বৈব মিথ্যা।’
১৭ আগস্ট এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীলের সঙ্গে তাঁর অনেক রাজনৈতিক আলাপ হয়। তিনি একজন ভদ্র মানুষ। কিন্তু ফখরুলের জন্য তাঁর দুঃখ হয়। খালেদা জিয়া ও তাঁর ছেলে ফখরুলকে কিছুই দেবেন না।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে একদলীয় শাসনের দিকেই যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী, সম্প্রচার নীতিমালা এবং বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগ এরই অংশ।
আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ আলোচনায় অংশ নেন।