আন্দোলনে সফল না হলে বিএনপির অস্তিত্ব থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে না পারলে বিএনপির অস্তিত্ব হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। যদি আন্দোলন ব্যর্থ হয়, তাহলে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে না।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির হলরুমে বিএনপির রাজনৈতিক কর্মশালায় উদ্বোধনী বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি দলের নেতা-কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি সংলাপ চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, সংলাপ গণতন্ত্রের ভাষা। সে জন্য বিএনপি বারবার সংলাপের আহ্বান জানিয়ে আসছে। সেই আহ্বানকে দুর্বলতা ভাবা ঠিক হবে না। ভাবলে আওয়ামী লীগ ভুল করবে। সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী দম্ভোক্তি করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
গতকালের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগরের ৭০ জন নেতা এতে অংশ নেন। এর আগে বিএনপি তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আটটি কর্মশালার আয়োজন করেছিল।