আন্দোলনের নামে কোনো 'হঠকারী' করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার ঘোষণা ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে গত রোববার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সরকার পতন বা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন নিয়ে তেমন আলোচনা হয়নি। খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের নামে কোনো ‘হঠকারী’ করা যাবে না। হরতালের মতো কর্মসূচি দিয়ে সরকারকে ‘সুযোগ দেওয়া’ ঠিক হবে না।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাঁরা জানান, বৈঠকে আপাতত ইস্যুভিত্তিক কর্মসূচিতে থাকার সিদ্ধান্ত হয়েছে।
গত রমজান মাসে একাধিক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে খালেদা জিয়া বলেছিলেন, ঈদের পর তাঁরা সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। ঈদের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয় গত রোববার রাতে। বৈঠকে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ১৬ আগস্ট কালো পতাকা মিছিল ও ১৯ আগস্ট সদ্য অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়।
বৈঠকে ছিলেন এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে দুই-একজন আলোচনা করতে চেয়েছিলেন। কেউ কেউ হরতালের মতো কর্মসূচির কথাও তুলেছিলেন। কিন্তু খালেদা জিয়া তা নাকচ করে দেন। তিনি বলেন, কোনো ‘হঠকারী’ করা যাবে না। হরতাল বা এ ধরনের কর্মসূচি দিয়ে সরকারকে ‘সুযোগ দেওয়া’ ঠিক হবে না।