বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল বা জোটের কেউ সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণই তাদের বিচার করবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুস সালাম তালুকদারের স্মরণে আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু কাউকে তারা দল থেকে বের করে নিতে পারবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা ‘সর্বৈব মিথ্যা’। ৫ জানুয়ারির নির্বাচনের পর সৈয়দ আশরাফের সঙ্গে তাঁর কোনো ধরনের আলোচনা হয়নি। এর আগে মাত্র তিনবার তাঁর সঙ্গে সৈয়দ আশরাফের কথা হয়েছে।
১৭ আগস্ট এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীলের সঙ্গে তাঁর অনেক রাজনৈতিক আলাপ হয়। তিনি একজন ভদ্র মানুষ। কিন্তু ফখরুলের জন্য তাঁর দুঃখ হয়। খালেদা জিয়া ও তাঁর ছেলে ফখরুলকে কিছুই দেবেন না।