আন্দোলন করতে হলে মাঠে থাকতে হয়: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলায় গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো
নীলফামারীর সদর উপজেলায় গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ৩০ লাখ মানুষ হত্যা করে মুক্তিযুদ্ধ ঠেকাতে পারেনি। আজ তাদের দোসররা আবারও আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এ দেশের মানুষ তাদের এ অপচেষ্টা প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সদরের গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর ২০-দলীয় জোটের উদ্দেশে বলেন, ‘আপনারা ঘরে বসে বিবৃতি দিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। এ আপনাদের কেমন আন্দোলন? আন্দোলন করতে হলে মাঠে থাকতে হয়, জনগণের সমর্থন অর্জন করতে হয়। আপনারা বলেন, পুলিশ আপনাদের রাস্তায় নামতে দেয় না। আন্দোলন আমরাও করেছি, আমাদেরও রাস্তায় নামতে দেওয়া হয়নি। আমরা রাস্তায় নেমে নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি। পুলিশ আমাদের মেরেছে, আমরা পুলিশকে মারিনি। জনগণ আমাদের সঙ্গে ছিল বলে আমরা সফল হয়েছি।’