খালেদা জিয়ার চোখের অপারেশন দরকার: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। তাই তিনি রাজাকার, খুনি, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের দেখেন না। তাঁর ছানি অপারেশন করা দরকার। তাহলে খারাপ মানুষকে খারাপ ও ভালো মানুষকে ভালো মনে করবেন।
আজ শুক্রবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ইনু এসব কথা বলেন।
বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখার পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ চক্ষু সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, উত্তরা থানা আওয়ামী লীগের সভাপতি এস এম তোফাজ্জল হোসেন প্রমুখ।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনি টাকা বিদেশে পাচার করবেন এবং দুর্নীতি করবেন, তাহলে আপনাকে আদালতে যেতেই হবে।’
তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বর্তমানে সাংবাদিকেরা সামরিক শাসকের মতো আচরণ করছে। তথ্য অধিকার আইনের অপব্যবহার করে সাংবাদিকেরা বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। সাংবাদিকেরা হাসপাতালের ওটি ও ওয়ার্ডে ঢুকে ডাক্তারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। সাংবাদিকরা জবাবদিহিতার ঊর্ধ্বে নন।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগ টেন্ডারবাজি ও চাঁদাবাজি করলে তারা জেলে যাবে। শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না।’