আন্দোলন ছাড়া বিএনপির পথ নেই: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, জনগণের পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন আন্দোলন ছাড়া জনগণ ও বিএনপির কোনো পথ নেই। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। যেকোনো সময় বিস্ফোরণ হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

‘তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তরিকুল এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

তরিকুল বলেন, তারেক রহমান আগামীদিনের বিএনপির কান্ডারি হবেন। মূল পরিচালনাকারী হবেন। ভবিষ্যতে তাঁর রাষ্ট্রপ্রধান হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেকের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান লন্ডনে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। তিনি লন্ডনে কথা বললে আওয়ামী লীগ বাংলাদেশে তাঁর ছায়ার সঙ্গে যুদ্ধ করে।

তরিকুল অভিযোগ করে বলেন, সরকার বিচার বিভাগের মাথার ওপর ‘যম-টুপি’ পরিয়ে দিচ্ছে আর সম্পাদকদের ‘সোনার খাঁচায়’ বন্দী করছে।