আওয়ামী লীগের নেতারা বক্তৃতা-বিবৃতিতে বিএনপির আন্দোলনের ঘোষণাকে উড়িয়ে দিলেও সম্ভাব্য আন্দোলন মোকাবিলায় ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে সরকার। এ ক্ষেত্রে সরকার প্রশাসনিক পদক্ষেপের ওপর বেশি জোর দিচ্ছে। একই সঙ্গে বিরোধী দলের পাশাপাশি আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঠে রাখার কৌশল নিয়েছে। এরই মধ্যে ৫ জানুয়ারি ঢাকায় বিএনপির সমাবেশ করার সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর একই দিন আওয়ামী লীগও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে, এসব প্রস্তুতির পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশনে নির্বাচনী ধোয়া তোলারও চিন্তা করছে সরকার। আন্দোলনের গতি-প্রকৃতি দেখে এ আওয়াজ তোলা হবে। আন্দোলন নাকি নির্বাচনে অংশ নেওয়া—এ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের দ্বিধায় ফেলতে এ কৌশল নেওয়া হচ্ছে। যদিও খুব শিগগির ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার ইচ্ছা এখন পর্যন্ত সরকারের নেই। তার পরও বিএনপির আন্দোলন বড় আকার ধারণের সম্ভাবনা দেখা দিলে সে ক্ষেত্রে ঢাকা সিটি নির্বাচনের টোপ দেওয়া হতে পারে।
অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার ব্যাপারে আন্তরিক।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতা জানান, আন্দোলনে নামার জন্য বিএনপি-জামায়াত কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, সে ব্যাপারে সরকার গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক রাখা হয়েছে। এ দুই নেতা জানান, বিএনপি সংঘাতমূলক কোনো কর্মসূচিতে গেলে গত বছরের ২৯ ডিসেম্বরের কৌশল নেওয়া হতে পারে। তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। কয়েক দিন অনেকটা গৃহবন্দী ছিলেন তিনি। পরিস্থিতি বুঝে এবারও একই কৌশল নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করে, এ দুটি মামলার অভিযোগ প্রমাণযোগ্য।
সরকারি সূত্র জানায়, আন্দোলন মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা পুরোনো মামলাগুলো সচল এবং একই সঙ্গে নতুন করে মামলাও দেওয়া হতে পারে। এরই মধ্যে ধরপাকড়ের প্রাক-প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এ মামলায় তারেক রহমানও আসামি। আওয়ামী লীগের নেতারা মনে করেন, খালেদা জিয়া ও তারেক রহমান সাজা পেলে বিএনপি নেতারা মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন।
আওয়ামী লীগের নেতারা জানান, বিরোধী দলের আন্দোলনের হুমকি বিবেচনায় নিয়ে সাংগঠনিকভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আন্দোলনের মাঠ নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে আগাম দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের প্রথম বর্ষপূর্তিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করবে দলটি। এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি রাজধানীতে বড় রকমের জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের বর্ষপূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ভিত্তিক নানা কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে সরকারদলীয় কর্মীদের রাজপথে সক্রিয় রাখা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, আন্দোলনের শক্তি-সামর্থ৵ বিএনপির নেই। তার পরও তারা কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার মোকাবিলার প্রস্তুতি আওয়ামী লীগের আছে।