আন্দোলন থেকে সরে আসা ভুল ছিল: খালেদা
৫ জানুয়ারির নির্বাচনের পর পরই আন্দোলন থেকে সরে আসা ভুল ছিল বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দিবাগত রাতে দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা জানান, নেতারা খালেদা জিয়ার কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
বিএনপি নেত্রী তাঁদের কথা শুনে বলেন, দল পুনর্গঠনের কাজ চলছে। সবাইকে প্রস্তুতি নিতে হবে আন্দোলনের। শিগগিরই জেলা ও উপজেলা কমিটি হবে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে তিনি নিজে যোগাযোগ করবেন।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও এই বৈঠকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, শমশের মবিন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ, বরকতউল্লাহ, মো. শাহজাহান, মাহবুব উদ্দিন, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।