আন্দোলন নস্যাৎ করতে সরকারের নানা ছুতো: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার আন্দোলন নস্যাৎ করতে নানা ছুতো ধরে নেতা-কর্মীদের আটক করছে। আমরা যাতে দল গোছাতে না পারি, এ জন্য যুবদলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে ও দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
আলালসহ ৬৩ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলামির্জা ফখরুল বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ওপর যে আঘাত এসেছে, যুবদলের ওপরও সে আঘাত এসেছে। যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উদ্দেশে ফখরুল বলেন, হুমকি-ধামকি দিয়ে ভিন্ন মতকে তারা দমিয়ে রাখতে চায়। এই হলো তাদের রাজনীতি। আওয়ামী লীগ নেতা হানিফ গতকাল ফখরুলের উদ্দেশে বলেন, তিনি কথা বলার সময় অর্বাচীনের মতো কথা বলেন। ভবিষ্যতে প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে তাঁকে ভেবেচিন্তে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ফখরুল এ কথা বলেন।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ ৬৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের উল্লেখ করে ফখরুল বলেন, এর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।