আন্দোলন প্রত্যাহার করতে ১৯ বিভাগীয় প্রধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থিতিশীলতার স্বার্থে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন ১৯টি বিভাগের প্রধানেরা। গতকাল রোববার এক বৈঠক থেকে এ আহ্বান জানান তাঁরা।
এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরকার-সমর্থিত শিক্ষকদের একাংশের অবস্থান কর্মসূচি গতকালও পালন করা হয়।
গতকাল দুপুরে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার বাসভবনে ওই বিভাগীয় প্রধানদের সভাটি শুরু হয়। এতে উপাচার্য সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন ভবনের তালা খুলে দিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়।
বৈঠকে ২৫টি বিভাগের মধ্যে ১৯টি বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহা প্রথম আলোকে জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এরপর সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর ফোরামের শিক্ষকদের অবস্থান কর্মসূচি গতকালও পালিত হয়। এ আন্দোলনকে অযৌক্তিক দাবি করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে দুপুরে মুক্তমঞ্চে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আরেকটি অবস্থান কর্মসূচি পালন করা হয়।