আন্দোলন বেগবান করার আহ্বান ২০-দলের
চলমান আন্দোলন আরও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা আজ বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বরকত উল্লা বলেন, ‘বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা সফল হবার নয়। নির্মম নিপীড়ন আন্দোলনকে সাময়িকভাবে স্তিমিত করতে পারলেও প্রকৃতপক্ষে তা বৃহত্তর আন্দোলনকে অনিবার্য করে থাকে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা।’
আলাদা এক বিবৃতিতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব–উন–নবী খান বলেছেন, অবিলম্বে সালাহ উদ্দিনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তাঁর পরিবারের কাছে ফেরত দিতে হবে। নইলে এর পরিণতি শুভ হবে না। এ জন্য একদিন তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাঁরা বলেন, ‘১৯৭৪ সাল থেকে বাংলাদেশে ভয়ংকর গুমের রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে। রাজনীতির সব স্বাভাবিক গতি পদদলিত করে সরকার যে নজির স্থাপন করেছে, তা মানবাধিকারের জঘন্যতম লঙ্ঘন। আন্দোলন ঠেকাতে যে হামলা-মামলা, নির্যাতন ও গুম চলছে, তা একনায়ক হিটলারের নাৎসি বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।’