৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত রাজপথে নামতে পারে বলে সরকারের কাছে খবর আছে। সম্ভাব্য এ আন্দোলন কঠোরভাবে মোকাবিলায় বিরোধী দলের প্রতি আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত আছে সরকারের শীর্ষ পর্যায়ে। এ জন্য প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতারাও গ্রেপ্তার হতে পারেন বলে আওয়ামী লীগ ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে।
উচ্চপর্যায়ের এসব সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধরপাকড়ের পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং তদন্তাধীন পুরোনো মামলাগুলো সচল করা হবে। নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।
তবে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তি উদ্যাপনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেই। দলীয় সূত্রে জানা যায়, ওই দিন দলটির কোনো কর্মসূচি থাকছে না। তবে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ বড় আকারের সমাবেশ করবে। তাতে সরকারের এক বছরের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এভাবেই বর্তমান সরকারের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করার চিন্তা রয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক দিন পর ১২ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম বর্ষপূর্তি। তাই স্বদেশ প্রত্যাবর্তনের কর্মসূচিতে সরকারের বর্ষপূর্তিও পালিত হবে। তবে সরকারের বর্ষপূর্তিতে আর কী কর্মসূচি নেওয়া যায়, তা নিয়ে দলীয়ভাবে আলোচনা হচ্ছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এদিকে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, সরকারের এখন মনোযোগ মূলত ৫ জানুয়ারি ঘিরে বিএনপির কী পরিকল্পনা ও প্রস্তুতি এবং তা মোকাবিলায় করণীয় ঠিক করার দিকে। সরকারের কাছে তথ্য আছে যে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিএনপি-জামায়াত বড় রকমের আন্দোলন গড়ে তোলার চেষ্টা করতে পারে। এর মধ্য দিয়ে বিএনপি নতুন নির্বাচনের বিষয়ে বিদেশিদের দূতিয়ালি করার পরিবেশ সৃষ্টি করতে চায় বলে সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন। সরকার কিছুতেই এটা হতে দিতে চাচ্ছে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েই সরকার কঠোর হস্তে আন্দোলন দমনের ছক কষছে।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বিএনপিকে চাপে ফেলতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদেরও গ্রেপ্তার করার সিদ্ধান্ত আছে। ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির আগেই মাঠপর্যায়ের নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো সচল ও ধরপাকড় শুরু হতে পারে, যাতে মাঠপর্যায়ে কর্মসূচি নিয়ে দাঁড়াতে না পারেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে তারাই বিপদে পড়বে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রগুলো বলছে, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিগুলো ভেঙে নতুন করে কমিটি করা হচ্ছে। এখন পর্যন্ত ২২টি জেলায় সম্মেলন হয়েছে। সহযোগী সংগঠনগুলোকেও জেলা পর্যায়ে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের আগের আন্দোলনে যেসব এলাকায় বিএনপি-জামায়াত বেশি সক্রিয় ছিল, সেসব জেলায় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১১ জানুয়ারির পর থেকে ঢাকা মহানগরসহ বিভাগীয় শহর ও বড় জেলাগুলোতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের মাঠে নামানোর চিন্তা রয়েছে বলে জানা গেছে।