আন্দোলন হবে, হতে বাধ্য: নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
প্রথম আলো ফাইল ছবি

সরকারের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলন হবে, হতে বাধ্য। কারণ মানুষের আকাঙ্ক্ষাকে জোর করে দমন করা যায় না, মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য করে দীর্ঘদিন টিকে থাকা যায় না।

তবে নজরুল ইসলাম খান এ-ও বলেছেন, যদি সামরিক শাসন থাকে, যদি একনায়কতন্ত্র থাকে, যদি ফ্যাসিবাদ থাকে তাহলে সেখান থেকে মুক্ত হতে একটু সময় লাগে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ‘ঐতিহাসিক জেহাদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে সরকারের কড়া সমালোচনা করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘এই দেশ লাখ লাখ মানুষের রক্তে স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন করতে আমাদের মা-বোনদের তাদের ইজ্জত দিতে হয়েছে। আজকেও এই স্বাধীন বাংলাদেশে যখন আমার মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, তখন কাকে দোষ দেব আমরা? যারা এ সব করে, তারা আর তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী— যারা আমার মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের মধ্যে কী তফাৎ আছে? এটা খুব দুর্ভাগ্যজনক। এমন বাংলাদেশের জন্য আমরা লড়াই করিনি।’

নজরুল ইসলাম খান বিভিন্ন দেশে আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ‘বছরের পর বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরব বসন্ত হয়েছে। বহু দেশে ভালো মন্দ বিরাট বিরাট পরিবর্তন ঘটেছে। অতি সম্প্রতি আমরা দেখছি, মিশরে জেনারেল সিসির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। বেলারুশে আন্দোলন চলছে, থাইল্যান্ডে জেনারেলের বিরুদ্ধে আন্দোলন চলছে। আন্দোলন এখানেও হবে, হতে বাধ্য।’

এর আগে জেহাদ দিবস উপলক্ষে সকালে দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খানসহ দলের নেতারা।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন আলমের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, জহিরউদ্দিন স্বপন, খোন্দকার লুৎ​ফর রহমান, আসাদুর রহমান আসাদ, কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাহউদ্দিন টুকু, শহীদ জেহাদের বড় ভাই কে এম বসির প্রমুখ।