আন্দোলনে খালেদাকে মুক্ত করা যাবে না: হানিফ

আন্দোলন করে কোনো দুর্নীতিবাজকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমেই মুক্ত করতে হবে। এ ছাড়া তিনি (খালেদা) অপরাধ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করতে পারেন। এর বাইরে খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই।’
বুধবার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইমামদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র বলেন, ‘বঙ্গবন্ধুর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য বেশি কাজ করেছেন। মুসলিম উম্মাহর সাড়ে চৌদ্দ শত বছরের ইতিহাসে তিনি একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি একযোগে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ করছেন। সারা দেশে ১ হাজার ১০টি মাদ্রাসা করেছেন। কওমি সনদের স্বীকৃতির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।’
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।