
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলন মানে জনগণকে পুড়িয়ে মারা এবং জনগণের সম্পত্তি ধ্বংস করা। তথাকথিত এই আন্দোলনের নামে তারা মানুষের ওপর হামলা চালিয়ে তাদের জনপ্রিয়তা হারিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জীবনে এ ধরনের আন্দোলন দেখিনি। আমার জীবন শুরু হয়েছিল স্কুলজীবনে আন্দোলনের মধ্য দিয়ে। অতীতে জনগণকে সকল আন্দোলনে সম্পৃক্ত হতে দেখেছি। অথচ বিএনপি-জামায়াত জোটের বর্তমান আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা দেখি না।’
রাজধানীর কুর্মিটোলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে গতকাল শনিবার ওই বাহিনীর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দরবারে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। আমরা বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও নৃশংসতা করতে দেব না। এ কারণে র্যাবসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
র্যাব সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন বাহিনী থেকে এসে র্যা বে যোগ দিয়েছেন। আপনি যে বাহিনী থেকেই আসুন না কেন, আপনাকে বাহিনীর চেইন অব কমান্ড, আইন, নিয়ম ও নীতি মেনে চলতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিক হতে হবে।’
অনুষ্ঠানে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে কোনোভাবে জঙ্গিবাদী কার্যক্রম হতে দেব না। আমরা অবশ্যই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশে পরিণত করব।’
গত ছয় বছরে র্যা বের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন ব্যাটালিয়ন চালু করা হয়েছে এবং ১১ ব্যাটালিয়নের জন্য স্থায়ীভাবে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুরে র্যাব সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য স্থায়ীভাবে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি র্যা বের অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, র্যা বের পরিচালন সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য র্যাবকে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে সুসজ্জিত করা হয়েছে।
অপহরণ ও মুক্তিপণ আদায়কে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, র্যাব অনেক ঘৃণ্য অপরাধীকে আটকের মাধ্যমে অপহৃত অনেক শিশু ও অনেক লোককে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল অভিযান যথাযথভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের একটি বিশেষ মহলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অপহরণের ঘটনা খবরের কাগজে যেভাবে কাভারেজ দেওয়া হয়, একই ক্ষেত্রে অপহৃতকে উদ্ধারের ঘটনায় সেভাবে কাভারেজ দেওয়া হয় না, এটা দুর্ভাগ্যজনক।’
পরে প্রধানমন্ত্রী র্যা বের ছয়টি স্থাপনা উদ্বোধন করেন এবং তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি র্যাব কমান্ডারদের উদ্দেশে বক্তব্য দেন।