৫ জানুয়ারি সমাবেশ বন্ধ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন শুরু করে বিএনপি। কিন্তু এই আন্দোলনে বরিশাল মহানগরের জ্যেষ্ঠ নেতারা মাঠে নেই বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ও হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
তবে বিএনপির নেতাদের দাবি, বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন মিলে বিএনপির স্বাভাবিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। মিছিল নিয়ে নামলেই গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার-আতঙ্কে নেতা-কর্মীরা মাঠে নামতে পারছেন না।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির তৃণমূলের ছয় থেকে সাতজন নেতা-কর্মীর অভিযোগ, আগের যেকোনো আন্দোলনে মজিবর রহমান সরোয়ার সরব ছিলেন। তাঁর নেতৃত্বে নেতা-কর্মীরা সব আন্দোলনে মাঠে থেকেছেন। এখন মজিবর রহমান মাঠে নামছেন না। সে কারণে তৃণমূলের নেতা-কর্মীরাও সাহস হারিয়ে ফেলছেন। এ ছাড়া জেলার সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালসহ বিএনপিপন্থী কাউন্সিলররাও আন্দোলনের মাঠে নেই।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান বলেন, ‘পুলিশ সরকারি দলকে সুযোগ দিলেও বিরোধী দলকে মাঠে নামতে দিচ্ছে না। ৫ জানুয়ারি মহানগরে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করায় তালতলী গ্রামে মিছিল করার চেষ্টা করা হয়। সেখান থেকেও নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি নিয়ে মহানগরের রাজপথে থাকার ঘোষণা ছিল বিএনপির। কিন্তু ওই দিন মহানগরে দেখা মেলেনি নেতাদের। ওই দিন বিকেলে সদর উপজেলার চড়বাড়িয়ার সাপানিয়া গ্রামে ছোট্ট একটি মিছিল বের করেন মজিবর রহমান।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজউদ্দিন বাবলু বলেন, মজিবর রহমান আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে জেলা ও মহানগরের জ্যেষ্ঠ নেতারা সমন্বিতভাবে মাঠে না থাকায় আন্দোলনের গতি বাড়ছে না।
বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান বলেন, ‘জ্যেষ্ঠ নেতারা মাঠে নেই, কথাটা ঠিক নয়। আমি তো মহানগরের বাইরে ১০ থানায় আন্দোলনের চেষ্টা করছি। কিন্তু পুলিশি তল্লাশি, গ্রেপ্তার-আতঙ্কের কারণে নেতা-কর্মীরা মাঠে নামতে পারছেন না।’