সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে দাবি করা হয়, ২০-দলীয় জোটের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি স্থবির হয়ে পড়েছে। রাজধানী ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার বেপরোয়া হয়ে গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। গতকাল অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতসহ জোটের তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
বিবৃতিতে সরকারের সব ধরনের নিপীড়ন উপেক্ষা করে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে দেশবাসীর প্রতি এবং তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।