আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান খালেদা জিয়ার
আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশের কী অবস্থা আপনারা জানেন। আপনাদের কল্যাণের স্বার্থে যখনই কর্মসূচি ঘোষণা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসের ফটকের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। প্রায় ছয় বছর পর আজ নীলফামারীতে গেছেন খালেদা জিয়া। বিকেল চারটার দিকে তিনি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভামঞ্চে উপস্থিত হয়েছেন। সেখানে নেতা-কর্মী ও সমর্থকেরা জমায়েত হয়েছেন।
বগুড়ায় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, বগুড়া বিএনপির জন্য শক্তিশালী ঘাঁটি। এই জেলার নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই আন্দোলনের ডাক দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বগুড়াবাসীকে বিএনপির আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
খালেদা জিয়া বলেন, ‘আমরা উত্তরবঙ্গে আসলেই বগুড়ায় আসি। কারণ বগুড়া আমার আপন ঘর মনে হয়। বগুড়ার আদর আপ্যায়ন আমার সব সময়ই ভালো লাগে।
বক্তব্য দেওয়ার আগে খালেদা জিয়া শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে স্বর্ণপদক দেন।
গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা নীলফামারীতে অবস্থান করছেন। মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের আগে নীলফামারীতে দুর্বার আন্দোলন হয়েছে। যারা আন্দোলন করেছে, তাদের গুপ্ত হত্যা করা হয়েছে। সেই হিসেবে নীলফামারীকে গুরুত্বপূর্ণ মনে করে সেখানে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়া যেসব জায়গায় যাচ্ছেন, যেসব জায়গায় গুপ্ত হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নীলফামারীর প্রশাসন এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো অসহযোগিতা করেননি, আশা করি করবে না।’
২০০৮ সালের ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদের চারদলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নীলফামারী পৌরপার্কে পথসভা করেন খালেদা জিয়া। এরপর আজ তিনি সেখানে সফর করছেন। জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান জানান, জনসভাস্থল ও বাইরের লোকজন যাতে খালেদা জিয়ার ভাষণ শুনতে পারেন, সে জন্য শহরের বিভিন্ন পয়েন্টে ২২৫টি মাইক বসানো হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া এই সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের দিকনিদের্শনামূলক গুরুত্বপুর্ণ বক্তব্য দেবেন।