আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান খালেদা জিয়ার
আন্দোলনের প্রস্তুতি নিতে শরিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
রাত সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে খালেদা জিয়া বলেন, খুব অল্প সময়ের মধ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এগুলোর দাম বাড়ানো হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। সূত্র জানায়, বৈঠকে শীর্ষ দলের কয়েকজন নেতা স্বল্পমেয়াদি আন্দোলনের কথা তুলে ধরেন। কেউ কেউ ঢাকা চলো আন্দোলনের মতো কর্মসূচিরও প্রস্তাব করেন।
বৈঠকে এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি সভাপতি আন্দালিব রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রেদোয়ান উল্ল্যাহ শাহেদী, খেলাফত মজলিসের আমির মো. ইসহাক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।