আন্দোলনের সম্ভাবনা দেখলেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন। ঢাকা, ২৭ আগস্ট
ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ সত্য কথা বলার জন্য কাঁদছে। সত্য কথা বলার এই মিছিল সরকার থামাতে পারবে না। মানুষের ভোট, ভাত ও কথা বলার অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ভাত, ভোট ও কথা বলার অধিকারের দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম।

মানববন্ধনে মাহমুদুর রহমান বলেন, ‘সরকারের ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা। এখন জানা যাচ্ছে টিকা আনতে পারেনি। অথচ টিকা দোকানে বিক্রি হচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেই। শুধু ব্যবস্থা বিরোধী দলের বেলায়। সারা দেশে সুশাসন বিষয়ে কোনো ব্যবস্থা নেই। ভোট ডাকাত, চোর বললেও সরকার মামলা দিচ্ছে। সরকার যখন দেখে আন্দোলনের সম্ভাবনা, তখনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। আমাদের এখন থেকেই আন্দোলন শুরু করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এই সহসভাপতি বলেন, দেড় বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। সবার চাপে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অক্টোবর পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে কার্জন হল, বটতলায় টিকাকেন্দ্র স্থাপন করে এক দিনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ভ্যাকসিনেশন করা সম্ভব। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এক দিনে এই টিকা দেওয়া সম্ভব।