ঈদের পর সরকারবিরোধী আন্দোলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষণা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আল্লাহর দুনিয়াতে অনেক ঈদ আসবে, কিন্তু আপনার (খালেদা জিয়া) ঈদ রোজ কেয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না।’
বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁদের ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে ছাত্রলীগের এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘ভুল আমরা করি নাই, নির্বাচনে অংশ না নিয়ে বেগম জিয়া ভুল করেছেন এবং নিজের কপাল পুড়িয়েছেন। ওনার দলকে বারোটা বাজিয়েছে কে? ভুল সিদ্ধান্ত নিয়ে উনি নিজেই বিএনপির বারোটা বাজিয়েছেন। আমরা কেউ বাজাইনি।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
আপনি কি রাস্তার সন্তান: শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমীতে অপর এক আলোচনা সভায় খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘যাদের রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, তাদের জন্মের ঠিক থাকে না। আপনার তিনটা জন্মদিন হয় কীভাবে। তাহলে আপনি কি রাস্তার সন্তান? আমরা বহুবার আপনাকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছি, কিন্তু আপনি রাখেননি। যদি এবারও জন্মদিন পালন করেন, তাহলে আপনি সত্যিই রাস্তার সন্তান।’