আপাতত ইউপি নির্বাচন বর্জন নয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপাতত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন নয়। তবে ইউনিয়ন পরিষদের পরবর্তী প্রতিটি ধাপের পর নির্বাচন পর্যালোচনা করবে বিএনপি।

আজ সোমবার রাতে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘যদিও আমরা জানি এ নির্বাচন একটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। এ নির্বাচনে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন কখনো কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না। তার পরও আমরা দেখতে চাই এই নির্বাচন কমিশন কতটা খারাপ ও অযোগ্য হতে পারে। তারা রাষ্ট্র ও জনগণের সঙ্গে কতটা প্রতারণা করতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে আমরা এখনো আছি। শেষ পর্যন্ত থাকব। পরবর্তী ধাপগুলোর প্রতিটি পর্যালোচনা করব।’ তিনি বলেন, বিএনপি আশা করে দেশবাসী সাহসী ভূমিকা পালন করে পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবাই পর্যবেক্ষণে রাখছে।
এর আগে গতকাল রোববার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকা না–থাকা নিয়ে দীর্ঘ আলোচনা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আজ জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন। বৈঠক শেষে নির্বাচনে থাকার এই সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল। রাত নয়টায় শুরু হওয়া প্রায় সোয়া এক ঘণ্টা এই বৈঠকে ২০–দলীয় জোটের প্রায় সব শরিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামী বৈঠকে অংশ নেয়নি।