সরকার পতনের আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিলেও আপাতত ‘নরম’ কর্মসূচি দেবে বিএনপি। এসব কর্মসূচির ব্যাপারে সরকারের মনোভাব দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এ কথা জানিয়েছেন। তাঁরা ‘নরম কর্মসূচি’ বলতে মানববন্ধন বা সমাবেশকে বুঝিয়েছেন। তাঁরা জানান, মধ্য আগস্ট থেকে পরবর্তী দুই সপ্তাহে সমাবেশ, মানববন্ধন এবং মানবিক কোনো ইস্যু তৈরি হলে তা নিয়ে প্রতীকী অনশন কর্মসূচি দেওয়া হতে হবে। আজ রোববার বিএনপির স্থায়ী কমিটির ও কাল সোমবার ২০-দলীয় জোটের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এদিকে আন্দোলন চলাকালে সরকারের ধরপাকড় বা অন্য কোনো কারণে নেতৃত্ব সংকট যেন না হয়, সে জন্য ঢাকা মহানগরের ক্ষমতা বাড়ানো হয়েছে। কেন্দ্রের দিকে চেয়ে না থেকে প্রয়োজনে এসব কমিটি নিজ নিজ সাংগঠনিক এলাকায় কর্মসূচি ঘোষণা করতে পারবে বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো আরও জানায়, ঢাকা মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচি অনুসরণ করার ব্যাপারে সারা দেশের অন্যান্য মহানগর, জেলা ও উপজেলাকে নির্দেশনা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির সঙ্গে বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছেন, কেন্দ্রের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। পরিস্থিতি বুঝে নিজেদেরই কর্মসূচি দিতে হবে। পরে কেন্দ্রীয়ভাবে সেই কর্মসূচি অনুমোদন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা আ স ম হান্নান শাহ প্রথম আলোকে বলেন, সরকার আন্দোলন দমাতে ধরপাকড় শুরু করবে, এমনটা ধরে নিয়েই এ ধরনের একটি কৌশল নেওয়া হচ্ছে। পরবর্তী কর্মসূচি কী হবে, তার জন্য সব সময় কেন্দ্রের ওপর নির্ভর করলে বা তাকিয়ে থাকলে আন্দোলনে ভাটা পড়ে। তাই সরকার কঠোর হলে, ধরপাকড় করলে, গুলি করে হত্যা করলে মাঠের নেতারা তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারবেন।