আপিলের জন্য সার্টিফাইড কপি নিয়েছেন ২৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ১৫টি আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৫২ জনের মধ্যে গতকাল সোমবার ২৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্টিফাইড কপি নিয়েছেন। কেন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সার্টিফাইড কপিতে উল্লেখ করা হয়। এই কপিটি ছাড়া নির্বাচন কমিশনে আপিল করা যায় না।

সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রার্থীরা সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী আগামীকাল বুধবার পর্যন্ত সার্টিফাইড কপি নেওয়া যাবে। সার্টিফাইড কপি নেওয়ার পর গতকালই বেশির ভাগ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ৬-৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরের ১৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঢাকা মহানগরের ১৫টি আসনে বিএনপির সাত নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গতকাল ৫ জন সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন। তাঁরা হলেন ঢাকা-৫ আসনে সেলিম ভূঁইয়া, ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, ঢাকা-১৪ আসনে সাবেক সাংসদ এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক। ঢাকা-১৬ আসনে মোয়াজ্জেম হোসেন এবং ঢাকা-১৭ আসনে শওকত আজিজ।

তবে গতকাল পর্যন্ত ঢাকা-৭ আসনে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাছিমা আক্তার এবং ঢাকা-৮ আসনে সাজ্জাদ জহির সার্টিফাইড কপি তোলেননি।

এদিকে গতকাল অন্য যাঁরা সার্টিফাইড কপি নিয়েছেন তাঁরা হলেন ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, যুক্তফ্রন্টের কবির হোসেন ও গণফোরামের নজরুল ইসলাম। ঢাকা–৬ আসনে যুক্তফ্রন্টের দিলীপ কুমার দাশগুপ্ত। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির আরিফুর রহমান, জাতীয় পার্টির মাহমুদা রহমান ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল আমিন মুকুল পাহাড়ী। ঢাকা-১৪ আসনে জাকের পার্টির জাকির হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ। ঢাকা-১৬ আসনে জাতীয় পার্টির আমানত হোসেন ও স্বতন্ত্র  ইসমাইল হোসেন। ঢাকা- ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. মামুনুর রশীদ, নাজমুল হুদা ও আবদুর রহিম। ঢাকা-১৮ আসনে খেলাফতে মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শহীদ উদ্দিন মাহমুদ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকাল দিনভর অবস্থান করে দেখা গেছে, দুই–তিনজন অনুসারীকে নিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সার্টিফাইড কপি নিতে এসেছেন। অনেক প্রার্থী তাঁদের প্রতিনিধি পাঠিয়ে সার্টিফাইড কপি নিয়েছেন। মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়াকে কেন্দ্র করে গত কয়েক দিন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যতটা ভিড় ছিল, গতকালের চিত্র ছিল একেবারেই ভিন্ন। নিরিবিলি পরিবেশ। প্রার্থীরা যে যাঁর মতো সার্টিফাইড কপি সংগ্রহ করে দ্রুত কমিশনারের কার্যালয় ছেড়ে গেছেন।