বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সাধারণ সম্পাদক হয়েছেন সুলতানা আহমেদ।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কমিটির পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আ স ম হান্নান শাহের মৃত্যু-শোকের মধ্যে কমিটি ঘোষণা কতটা শোভন হয়েছে, সে প্রশ্ন তুলেছেন অনেক নেতা-কর্মী।
বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ১৩ এবং ৮(১) ধারার ক্ষমতাবলে দলের চেয়ারপারসনের নির্দেশে মহাসচিব মহিলা দলের কমিটি অনুমোদন করেন। কমিটিতে নূরজাহান ইয়াসমিন মহিলা দলের সিনিয়র সহসভাপতি, জেবা খান সহসভাপতি এবং হেলেন জেরিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস গত কমিটিতে মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি আর সুলতানা আহমেদ ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন। দুজনেই এবার বিএনপির কেন্দ্রীয় মহিলাবিষয়ক সহসম্পাদক হন।
এদিকে কমিটি ঘোষণার পর নতুন করে আলোচনায় আসছে মহিলা দলের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নাম। শিরিন ‘উপযুক্ত’ পদ না পেয়ে সম্প্রতি বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক পদ ছাড়েন। মহিলা দল থেকেও বাদ পড়লেন। মহিলা দলের বিদায়ী কমিটির সভাপতি নুরে আরা সাফা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন।
জানতে চাইলে কমিটি নিয়ে হতাশা প্রকাশ করে শিরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘এটি হচ্ছে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করার ফল। অসুবিধা নেই, আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। সমর্থক হিসেবে থাকব।’
ঢাকা মহানগর মহিলা দল: গতকাল মহিলা দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ জনের নামও ঘোষণা করা হয়। এতে পেয়ারা মোস্তফাকে মহিলা দলের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও আমেনা বেগমকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে রাজিয়া আলিম সভাপতি ও শামসুন নাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।