আবদারের পাঁচ লাখ টাকা না পেয়ে যা করলেন ছাত্রলীগ নেতারা
নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের কমিটি করতে সম্মেলনের আগে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর মধ্যে দেড় লাখ টাকা দেওয়াও হয়। তবে কমিটি ঘোষণার আগে পুরো অর্থ দেওয়া হয়নি বলে নেতারা সম্মেলনই বয়কট করেন। আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সম্মেলনে দাঁড়িয়েই এ কথা জানান স্থানীয় সাংসদ মো. আবুল কালাম। অবশ্য জেলা ছাত্রলীগের দুই নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।
আজ জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন জেলার আরও ১০ নেতা। সাংসদ বক্তব্যের সময় সারোয়ার জাহানকে সভাপতি ও সজীব রানাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করতে শুরু করেন। এ সময় জেলার নেতারা তাঁদের নিজ নিজ আসন ছেড়ে ওঠেন এবং সম্মেলন বয়কট করে অনুষ্ঠানস্থল ছেড়ে যান। এ ঘটনার পর সাংসদ আবার বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘ওরা (ছাত্রলীগ নেতারা) সম্মেলনে আসার জন্য আমাদের ছেলেদের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছিল। তাদের দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না দিয়ে কমিটি ঘোষণা করায় তারা সম্মেলন বয়কট করে চলে গেছে।’ সাংসদ বলেন, ‘টাকা চাওয়ার ঘটনাটি আমি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছি। তিনি ওদের টাকা দিতে নিষেধ করেছেন। তাই ওদের বয়কট করা দিয়ে সম্মেলনের কিছু যায়-আসে না।’
সাংসদ কালাম আরও বলেন, উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা কমিটির অনুমোদন না হলেও চলবে। তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে থাকার কথা ছিল। তাদের কথামতো দুই দফা সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। অথচ তারাও সম্মেলনে আসেনি। এগুলো সবই আমরা বুঝি।’
এদিকে সম্মেলন থেকে বের হয়ে আসার পর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা না করেই সাংসদ লালপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। এটা গঠনতন্ত্রের পরিপন্থী, তাই আমরা সম্মেলন বয়কট করেছি।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ ভিত্তিহীন। আমরা সম্মেলনে যোগ দেওয়ার জন্য কোনো টাকা নিইনি। এমনকি টাকা দাবিও করিনি। এটা অপপ্রচার মাত্র।’
এ ব্যাপারে সাংসদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি গঠন করেছে কাউন্সিলররা। আমি শুধু প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা করেছি। এটা সম্মেলন বয়কটের কারণ হতে পারে না। কারণ একটাই, চাহিদা মোতাবেক ওরা টাকা পায়নি।’