জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আবার আদালত বদল চেয়ে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন।
পরে জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন। বিচারক কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন ও বিচার চলাকালীন দুদকের আইন শাখার মহাপরিচালক ছিলেন। দুদকে থাকাকালে মামলাটি তাঁর পর্যবেক্ষণে ছিল বলে তাঁর পক্ষে মামলার বিচারকাজ করা সমীচীন নয়। এ অবস্থায় বিচারিক বিবেচনার জন্য মামলাটি উচ্চ আদালতে পাঠাতে আবেদন করা হলে ১৩ এপ্রিল তা নামঞ্জুর হয়। তবে উচ্চ আদালতে যাওয়ার আবেদন মঞ্জুর করা হয়। এরপর ওই আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
এর আগে ওই মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে অন্য আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। শুনানি নিয়ে গত ৮ মার্চ হাইকোর্ট ওই আদালত থেকে মামলাটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে (মহানগর দায়রা জজ) বদলির আদেশ দেন। আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে এবং আইনানুগভাবে মামলার বিচারকাজ শেষ করতে ওই আদালতকে আদেশ দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।