আবার আন্দোলনে যাচ্ছেন ছাত্রদলের পদবঞ্চিতরা
আগামী সপ্তাহ থেকে আবারও আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।
পদবঞ্চিত অংশের অন্যতম নেতা ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাল শনিবার পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। এর পর থেকে আবার তাঁরা আগের মতো আন্দোলন শুরু করবেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো ফল আসেনি।
গত ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই এ কমিটি প্রত্যাখ্যান করে সংগঠনের একটি অংশ বিক্ষোভ শুরু করে। পদবঞ্চিত হিসেবে পরিচিতি পাওয়া এই অংশটি নতুন কমিটি বাতিল এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের পদ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এবং ছাত্রবিষয়ক সহসম্পাদকের পদ থেকে সুলতান সালাউদ্দিনকে অপসারণের দাবিতে টানা পাঁচ দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পঞ্চম দিন ১৯ অক্টোবর এই অংশটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও স্বদলীয় প্রতিপক্ষকে মারধর করে। এরপর ওই দিন সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে।
ছাত্রদলের পদবঞ্চিত একাধিক নেতা জানান, গত মঙ্গলবার তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। তাতে খুব একটা আশ্বস্ত হতে পারেননি। তাই তাঁরা আবার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এসব নেতা জানান, কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এর পরদিন থেকে আবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পদবঞ্চিতরা।