আবার উত্তপ্ত ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। সদ্যঘোষিত কলেজ ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেয় একপক্ষ। পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদ্য ঘোষিত কলেজ ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া কর্মী-সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে তা প্রতিরোধে নামে অনুপম সরকার-সমর্থক ছাত্রলীগের কর্মীরা।
গত ২৪ এপ্রিল মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে মহানগর ছাত্রলীগ। এর পর পরই পদবঞ্চিত এবং সভাপতি প্রার্থী অনুপ সরকার এবং ইমরান হোসেনের সমর্থক ছাত্রলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কলেজের ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পর থেকে মঞ্জুরুল ইসলামের সমর্থকেরা ক্যাম্পাস থেকে বিতাড়িত হন।
মঙ্গলবার রাত নয়টার দিকে মঞ্জুরুল ইসলাম বেশ কিছু ছাত্রলীগ কর্মী নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে মহড়া দেন। এই খবর পেয়ে অনুপ সরকার-সমর্থক ছাত্রলীগ কর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে অনুপ সরকার সমর্থকেরা নগরের বান্দরোড অবরোধ ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন। কলেজ প্রশাসন থেকে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তালা খুলে দেওয়া হয়।