আবার ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে চুক্তি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, আগামী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে। পাঁচ বছর পর দেশটা কাগজ-কলমে ভারতের কাছে বিক্রি করে দিয়ে আওয়ামী লীগ বিদায় নেবে।
গতকাল রোববার রাতে গুলশানে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে বর্তমান সরকার জনগণের সরকার নয়, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ভবিষ্যতেও তারা একইভাবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে।
খালেদা জিয়া আরও বলেন, আওয়ামী লীগ সব সময় চোরা পথে ক্ষমতায় যায়। ক্ষমতায় গিয়ে তারা ষড়যন্ত্র করে।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, কুমিল্লা সিটি নির্বাচনে কারচুপি হয়েছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার আগের সিইসির পথই অনুসরণ করছেন। বতর্মান সিইসি নিরপেক্ষ নন। তাঁর কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। আর বর্তমান সরকারের কাছে তো কখনোই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।
খালেদা জিয়া বলেন, বিএনপি থেকে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের মিথ্যা মামলা দিয়ে বহিষ্কার করে সরকার নিজেদের লোক বসাচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচিতদের মধ্যে জয়নাল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।
আজ স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।