>সেলিনা হায়াৎ আইভী ১,৭৫,৬১১ ভোট
সাখাওয়াত হোসেন খান ৯৬,০৪৪ ভোট

সেলিনা হায়াৎ আইভীর ওপরই আবারও আস্থা রাখলেন নারায়ণগঞ্জবাসী। তিনি প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেছেন। এ নিয়ে পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন আইভী।
গতকাল বৃহস্পতিবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এগিয়ে থাকার খবর আসতে থাকে। রাতের দিকে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টার থেকে রিটার্নিং কর্মকর্তা যখন ফল ঘোষণা করছিলেন, তখন রাস্তায় উচ্ছ্বসিত হাজারো মানুষ ‘আইভী’ আর ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিচ্ছিলেন। একের পর এক কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছিল আর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আইভীর ব্যবধান বাড়ছিল। বাড়ছিল জনতার উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ১৭৪টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা যায়, সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।
এর আগে ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। গতকাল দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম সিটি করপোরেশন নির্বাচনেও তিনি জয়ী। এর আগে ২০০৩ সালে পৌর মেয়র হিসেবে আইভীকে বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জবাসী। গতকালের জয়কেও আইভী নারায়ণগঞ্জবাসীর জয় বলেই অভিহিত করেছেন। ঘরের দেয়ালে টানানো বাবা আলী আহাম্মদ চুনকার ছবি দেখিয়ে তিনি বলেন, বাবার দেখানো পথে তিনি বরাবর চলেছেন। তাঁর বাবাই তাঁকে শিখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। অসমাপ্ত কাজ সমাপ্ত করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, নারায়ণগঞ্জবাসীকে নিয়ে সেই কাজ তিনি শেষ করতে চান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি বিজয়ের নৌকা নেত্রীকে ফিরিয়ে দিতে পেরেছি—এটাই বড় সন্তুষ্টি।’
এখন কোন কোন কাজকে অগ্রাধিকার দেবেন—এ প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘অসমাপ্ত কাজগুলো সারতে হবে। আমাদের নদীর ওপর একটা সেতু প্রয়োজন। এটা নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি। এ ছাড়া ময়লা ফেলার কোনো জায়গা নেই। ডাম্পিং স্টেশন করা খুব দরকার।’
এদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন থেকে রেজাল্ট শিট দেওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেবেন বলে জানান। গত রাতে নগরের শায়েস্তা খান রোডে বিএনপির মিডিয়া সেলে নির্বাচনের ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘১৭৪টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৩০৪টি বুথ থাকায় সেখানে পোলিং এজেন্ট দিয়েছিলাম। সেখানে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের এজেন্টদের মাধ্যমে ফলাফল পেয়েছি। বাকি কেন্দ্রগুলোতে সরকারি কর্মকর্তারা রেজাল্ট প্রদান না করেই চলে এসেছেন। যার কারণে আমরা মূল্যায়ন করতে পারিনি।’
যদিও গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপিও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে ফলাফল ঘোষণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতায়ই এমন সুন্দর নির্বাচন হয়েছে।
গত রাতে বেসরকারি ফলাফল ঘোষণার আগেই কেন্দ্র থেকে একের পর এক ফলাফলে নৌকা প্রতীকের বিজয়ের খবর আওয়ামী লীগ-সমর্থকদের উল্লসিত করে তোলে। তাঁরা নগরের দেওভোগে আইভীর বাসার সামনে ভিড় করেন। উল্লেখ্য, এবারই প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। এর আগে ২০১১ সালে নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।
এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মেয়র পদে লড়েছেন ৭ জন। এ ছাড়া নির্বাচনে ২৭ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন।