আবার নেতৃত্বে দুই 'সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল আউয়াল সরকার ১৬ বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। আর ২৪ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জাহাঙ্গীর আলম সরকার। ১৯ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তাঁরাই পুনরায় দায়িত্ব পেয়েছেন। এতে নেতা-কর্মীরা হতাশ হয়েছেন।
গতকাল শনিবার চান্দিনা মহিলা কলেজ মাঠে ওই সম্মেলন হয়। সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তাঁদের নাম ঘোষণা করেন। তিন বছরমেয়াদি সভাপতি ও সাধারণ সম্পাদককে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘুরেফিরে একই ব্যক্তিরা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীরা হতাশা ব্যক্ত করেছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিও একই কায়দায় ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু হয়। উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে ওই সম্মেলন হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, সদস্য আবদুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সুজিত রায় নন্দী, সাংসদ মো. আলী আশরাফ, সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা, স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন ও রাজী মো. ফখরুল।
সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার দনিয়া থেকে চট্টগ্রাম রোড, নারায়ণগঞ্জ, দাউদকান্দি ও চান্দিনায় পাঁচ শতাধিক ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অন্তত দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কমিটি ঘোষণার পর এই প্রতিবেদককে ফোন করে বলেন, আওয়ামী লীগের কমিটিতে কোনো ধরনের পরিবর্তন না হওয়া দুঃখজনক। ঘুরেফিরে একই মুখ আসায় নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের চাঙাভাব লক্ষ করা যায়নি।
এর আগে ১৯৯৭ সালে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই সম্মেলনে সাংসদ মো. আলী আশরাফ সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক হন। ২০০০ সালে আলী আশরাফ ডেপুটি স্পিকার হওয়ার পর সভাপতির পদ ছেড়ে দেন। তখন থেকে আবদুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।