আবার বিক্ষোভে নেমেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা
ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ কয়েকজন নেতা শতাধিক অনুসারী নিয়ে গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশ থেকে ছাত্রদলের দায়িত্ব থেকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দীনকে অব্যাহতি দেওয়া, সংগঠনের নতুন কমিটি ভেঙে দেওয়া এবং সাবেক ছাত্রনেতা আবু সাঈদ ও আনিসুর রহমান তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পদবঞ্চিত হিসেবে পরিচিত অংশের কয়েক শ নেতা-কর্মী বিজয়নগর নাইটিংগেল মোড় থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসেন। এ সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা তাঁদের অনুসারীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিলেন। দুই পক্ষ কাছাকাছি এলে উত্তেজনা দেখা দেয়। তবে পদবঞ্চিত নেতা-কর্মীরা অপর পক্ষের মুখোমুখি না হয়ে মিছিল ঘুরিয়ে আবার বিজয়নগরের দিকে চলে যান। মিছিল শেষে সমাবেশ করেন। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে ও সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম। তাঁরা পরে সমাবেশে বক্তব্য দেন।
পদবঞ্চিত অংশের একাধিক নেতা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কেক কাটার পর বেলা তিনটায় প্রেসক্লাব থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা বের করা হবে।
তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্দোলন ছাত্রদলকে ধ্বংস ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য।’
এদিকে পদবঞ্চিতরা গতকাল রাত সাড়ে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় গিয়ে দেখা করেছেন।