আবার মুখোমুখি নোমান-খসরুপন্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন করে ও বিবৃতি দিয়ে পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করেছে চট্টগ্রাম নগর বিএনপির দুটি পক্ষ। নগর বিএনপির হালিশহর থানা কমিটি ঘোষণার পর এই দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একটি পক্ষে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সমর্থক হিসেবে পরিচিত হালিশহর থানা বিএনপির নবগঠিত কমিটির নেতারা। আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নগর বিএনপির সহসভাপতি জামাল আহমেদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এর ফলে চট্টগ্রামের রাজনীতিতে নোমান-খসরুর অনুসারীদের বিরোধ আবারও প্রকাশ্যে এল।

বিএনপির দলীয় সূত্র জানায়, ১৮ জুলাই রাতে মোশাররফ হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের হালিশহর থানা কমিটি ঘোষণা করে নগর বিএনপি। এরপর ২৮ জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলে আখ্যা দেন নগর বিএনপির সহসভাপতি জামাল আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ আনেন। পাশাপাশি অযোগ্য লোকজনকে নেতৃত্বে আনার জন্য দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দায়ী করেছেন তিনি।

এই সংবাদ সম্মেলনের পর ২৮ জুলাই রাতেই নতুন কমিটির সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাল্টা বিবৃতিতে জামালের বিরুদ্ধে একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করার অভিযোগ আনেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর বিএনপির সম্মেলন নোমান সমর্থকদের হামলায় পণ্ড হয়। ওই সম্মেলনের সব প্রস্তুতি নিয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর বিএনপির শীর্ষ এই দুই নেতার অনুসারীরা বিভক্ত হয়ে যান।

জানতে চাইলে বিবদমান এক পক্ষের নেতা জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হালিশহর এলাকায় মোশাররফ ও জাহাঙ্গীরের গ্রহণযোগ্যতা নেই। সরকারবিরোধী আন্দোলনে তাঁরা মাঠে ছিলেন না। এলাকার তৃণমূল নেতাদের পক্ষে আমি অবস্থান নিয়ে এই কমিটি ভেঙে দিতে বলেছি। আর এঁদের কমিটিতে আনার জন্য আবদুল্লাহ আল নোমান দায়ী। তাঁর পরামর্শে অযোগ্য লোকদের দায়িত্ব দিয়েছে নগর বিএনপি।’

নতুন কমিটির সভাপতি মোশাররফ হোসেন সব অভিযোগ উড়িয়ে দিয়ে প্রথম আলোকে বলেন, ‘জামাল আহমেদ বয়সের ভারে ন্যুব্জ। আন্দোলনে সক্রিয় থাকার পরও তিনি আমাদের সম্পর্কে মিথ্যাচার করেছেন। আমরা নাকি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলি। তিনিই বরং একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীকে মুরগি ও খাবার সরবরাহ করেছেন।’

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে বলে জানা গেছে। গতকাল দিনভর আবদুল্লাহ আল নোমানের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে নোমানকে উদ্ধৃত করে তাঁর ব্যক্তিগত সহকারী নুরুল আজিম বলেন, হালিশহর থানা বিএনপির কমিটি গঠনে তিনি (নোমান) সহযোগিতা সহযোগিতা করেছেন মাত্র।

এ প্রসঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘নিজেদের বিবাদ বাইরে টেনে আনার পক্ষপাতি আমি নই। সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আন্দোলন জমাতে হলে ঐক্যের বিকল্প নেই।আমরা দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের পথ বের করব।’

পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা প্রসঙ্গে জামাল আহমেদ বলেন, ‘একাত্তরে প্রাণ বাঁচাতে আমি সন্দ্বীপে চলে যাই। পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার প্রশ্নই আসে না। তবে ১৯৯৪ সালে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে আমি মোরগ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এ কারণে মুরগির প্রসঙ্গ আসতে পারে।’