আবার মেয়রের আসনে বসলেন এম এ মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র এম এ মান্নান তৃতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ার পর গতকাল সোমবার দুপুরে আবার নগর ভবনে মেয়রের আসনে বসেছেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তাঁর সমর্থক কাউন্সিলররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। আবেদনটি ১৩ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।

৬ জুলাই স্থানীয় সরকার বিভাগ মান্নানকে তৃতীয় দফায় সাময়িক বরখাস্ত করে। এর বিরুদ্ধে তিনি রিট আবেদন করলে হাইকোর্ট গত রোববার রুল দেওয়ার পাশাপাশি ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

গতকাল মেয়র মান্নান তাঁর দপ্তরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘৬ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি সেই আদেশের বিরুদ্ধে রোববার হাইকোর্টে রিট করেছি। ওই রিটের শুনানিতে আমার অনুকূলে আদেশ পেয়েছি। আমি সিটি করপোরেশনের দায়িত্ব পালন করার অনুমতি পেয়েছি। হাইকের্টের রায়ের আলোকে আমি আবার মেয়রের দায়িত্ব পালনের জন্য নগর ভবনে এসেছি। আপনারা দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি আমার দায়িত্ব পালন করতে পারব ইনশা আল্লাহ। সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই।’

২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মান্নান বিজয়ী হন। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা রয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন বলে তাঁর আইনজীবী সূত্র বলেছে।

মান্নানের স্থানীয় আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ বলেন, মেয়র মান্নান নির্বাচিত হওয়ার পর চার বছরে তিনবার সাময়িক বরখাস্ত হয়েছেন এবং ২২ মাস কারাগারে আটক ছিলেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন।

১৩ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানি

মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে গতকাল আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি ১৩ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মান্নানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. আবু হানিফ। পরে মো. আবু হানিফ প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি কোনো স্থগিতাদেশ না দিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি ১৩ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। ফলে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ আপাতত স্থগিত থাকছে। মেয়র হিসেবে মান্নান সোমবার দায়িত্ব নিয়েছেন এবং তা চালিয়ে যেতে কোনো বাধা নেই।