আবার স্থগিত ঘাটাইল আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু শেষ মুহূর্তে তা আবারও স্থগিত করা হয়েছে। এবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থগিত হয়েছে বলে জানিয়েছেন দলের জেলা পর্যায়ের নেতারা। প্রায় ১৫ বছর পর এ সম্মেলন হওয়ার কথা ছিল।
এর আগে গত ৪ ডিসেম্বর সম্মেলনের আগের দিন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা পরিষদ নির্বাচনের কারণে সম্মেলন স্থগিত করেন। তখন উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছিলেন, ওই এলাকার সাংসদ আমানুর রহমান খান (রানা) কারাগারে থাকায় তাঁর অনুসারীরা ষড়যন্ত্র করে সম্মেলন স্থগিত করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, শেখ হাসিনা দলের জেলা শাখার সভাপতি ফজলুর রহমান খানকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করতে বলেছেন। সে অনুযায়ী জেলা কমিটির পক্ষ থেকে সম্মেলন স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
তবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, তাঁরা সম্মেলন স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি। তাই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলের ঘাটাইল উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন ২০০২ সালের জুনে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আজমল হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম লেবুকে সাধারণ সম্পাদক করা হয়। ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শামসুর রহমান খানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বিরোধ শুরু হয়। তখন উপজেলা কমিটি ভেঙে দিয়ে মোয়াজ্জেম হোসেন খানকে আহ্বায়ক করে কমিটি করা হয় জেলা কমিটি থেকে। ২০০৮ সালে এই কমিটি ভেঙে শহিদুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। অন্যদিকে শামসুর রহমান খানের অনুসারীরা নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাল্টা কমিটি করেন।
শহিদুলের নেতৃত্বাধীন কমিটিকে টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান এবং নজরুলের নেতৃত্বাধীন কমিটিকে শামসুর রহমান সমর্থন করতেন। ২০১২ সালের জানুয়ারিতে শামসুর রহমান মারা যান। একই বছর সাংসদ মতিউর রহমানও মারা যান।
পরে শূন্য আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান শহিদুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শামসুর রহমানের ভাতিজা জেলা আওয়ামী লীগের তৎকালীন ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান বিদ্রোহী প্রার্থী হন। এ জন্য আমানুর ও তাঁর অনুসারীদের দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু জয়ী হওয়ার পর আমানুরকে আবার দলে নেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় নাম আসার পর ২০১৪ সালে সাংসদ আমানুর আত্মগোপনে চলে যান। তখন উভয় পক্ষের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। এ কমিটিতে আমানুরের সমর্থক নজরুল ইসলামকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কিন্তু তাঁরাও সম্মেলন করতে পারেননি। গত বছরের ৭ সেপ্টেম্বর ওই কমিটি ভেঙে শহিদুল ইসলামকে আহ্বায়ক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।