যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা ওলিয়ার রহমানের (৬২) হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও আন্দোলনে নামছে উপজেলা আওয়ামী লীগ। ২৮ মে উপজেলা সদর নওয়াপাড়ায় সমাবেশ করে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গত শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবি আদায়ের সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের হত্যাকারী ও হত্যা পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি ও এসপি সাহেব আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁরা কথা রাখেননি।’ তিনি আরও জানান, ২৮ মে নওয়াপাড়ার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক সমাবেশ আহ্বান করা হয়েছে। ওই সমাবেশ থেকে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ১২টি শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ডের পরদিন মোল্যা ওলিয়ার রহমানের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে তিনজন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় একটি মামলা করেন। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে তখন আন্দোলনে নামে আওয়ামী লীগ। কয়েক দফায় হরতাল পালন করে সংগ্রাম কমিটি।